ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। এ লক্ষ্যে ইরানের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। একই আলোচনায় অংশ নিতে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
রোববার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডে পৌঁছেছে।
ইরানি প্রতিনিধিরা জানিয়েছেন, যুদ্ধ অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিত করাই তাদের আলোচনার প্রধান উদ্দেশ্য।
ওয়াশিংটন ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠক নিয়ে তিনি আশাবাদী এবং আলোচনায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখছেন।
ভ্যান্স বলেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। পাশাপাশি লেবাননে যুদ্ধবিরতি টেকসই করতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা নিয়েও আলোচনা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সম্ভাব্য সামরিক পরমাণু সক্ষমতা অর্জনের পথ রোধ করা। তবে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি এই আলোচনার বিরোধিতার লক্ষ্য নয় বলেও স্পষ্ট করেন তিনি।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এ আলোচনায় পাকিস্তান গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত সমঝোতা বাস্তবায়নে ইসলামাবাদ তার সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোচনায় কাতারের অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র: আল-জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

