AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৯ পিএম, ২৮ মার্চ, ২০২৬

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ইউরোপে পৌঁছানোর আশায় সমুদ্রপথে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গ্রিসের উপকূলে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, তবে জীবিত উদ্ধার হয়েছেন ২৬ জন—যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি।

গ্রিক কোস্টগার্ড জানায়, শুক্রবার গভীর রাতে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, নৌকাটি গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাত্রাপথে দিক হারিয়ে ফেলে এবং খাবার-পানির অভাবে ছয় দিন সমুদ্রে ভেসে থাকতে হয় যাত্রীদের।

বেঁচে ফেরা ব্যক্তিদের বরাতে জানা গেছে, এ সময় ক্লান্তি, অনাহার ও তীব্র প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত ২২ জনের মৃত্যু হয়। পরে পাচারকারীদের নির্দেশে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় দুইজন দক্ষিণ সুদানের নাগরিককে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে তদন্ত চলছে।

আহত দু’জনকে ক্রিটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫৫৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিশ্লেষকদের মতে, দারিদ্র্য, সংঘাত ও উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথ বেছে নেওয়ার প্রবণতা বাড়ায় এ ধরনের মৃত্যুঝুঁকি ক্রমেই বাড়ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!