বিয়ের আনুষ্ঠানিকতার পর প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দ্য রিটজ-কার্লটন, লাগুনা নিগুয়েলে ট্রাভিস কেলসির সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন টেইলর ও ট্রাভিস।
অনুষ্ঠানে তাদের হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবার নজর কাড়ে। সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
পেজ সিক্সের প্রতিবেদনে আরো বলা হয়, এই অনুষ্ঠানের আগে মন্টানায় পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন টেইলর ও ট্রাভিস। সেখানে ট্রাভিসের ভাই জেসন কেলসি ও তাঁর স্ত্রী কাইলি কেলসির সঙ্গেও সময় কাটান তারা।
গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। প্রায় এক বছর আগে, ২০২৫ সালের আগস্টে তাঁদের বাগদান হয়েছিল। বিয়ের খবর টেইলরের প্রতিনিধিও নিশ্চিত করেন।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে টেইলর ও ট্রাভিস দুজনেই ডিওরের হাউট কুত্যুর পোশাক পরেছিলেন, যার নকশা করেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন।
টেইলরের গয়না ছিল কার্টিয়ারের, আর দুজনের জুতা তৈরি করা হয়েছিল বিশেষভাবে ক্রিশ্চিয়ান লুবুটিনের মাধ্যমে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিশাল পর্দায় ভেসে ওঠে ‘JUST T&T MARRIED!’ বার্তা, যা উপস্থিত অতিথি ও ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।
বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতি ভেঙে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান রাখেননি এই তারকা জুটি। টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন তাঁর ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিসের ভাই জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন তাঁদের বন্ধু, অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

