জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। তিনি বলেন, বর্তমান যুগে কেবল পুঁথিগত শিক্ষার ওপর নির্ভর না করে বাস্তবমুখী ও কারিগরি দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিয়ে ভালো ফলাফল নিশ্চিত করুন, যাতে সরকার আপনাদের প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণ করতে বাধ্য হয়।”
বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ্ব মো. তোয়াবুর রহমান এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাজউদ্দীন তাজুসহ অন্যরা।
এর আগে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক প্রতিনিধিরা। এ সময় তিনি শিক্ষকদের বিভিন্ন দাবি ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান (রিয়েল), দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনুসহ জেলা ও উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বোদা উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

