ঢালিউডের শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। টেলিভিশন অনুষ্ঠানে মুখোমুখি হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি খুনসুটি আর প্রশংসায় মাতেন ২ তারকা।
শনিবার (১৩ জুন) চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেখা হয় শাকিব খান ও পূর্ণিমার। দীর্ঘদিন পর একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার একপর্যায়ে বর্তমান সময়ের শাকিব খানকে দেখে মজার ছলে আক্ষেপ প্রকাশ করেন পূর্ণিমা।
হাসতে হাসতে তিনি বলেন, ‘তাকে আমি আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। অনেক বেশি ছোট। তার যত ছবি আছে, আমি কিন্তু দেখি। “তুফান” পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।’
শুধু তাই নয়, শাকিবের বর্তমান লুকের প্রশংসা করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।’
পূর্ণিমার এমন মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। শাকিবও বিষয়টি বেশ উপভোগ করেন।
এ সময় পূর্ণিমা জানান, একসঙ্গে নিয়মিত কাজ না হলেও শাকিব খানের নতুন সিনেমা ও ক্যারিয়ারের অগ্রগতি তিনি নিয়মিত অনুসরণ করেন। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের সাফল্য তার নজর এড়ায়নি।
জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’।
গানটি বাজতেই মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।’ জবাবে হাসতে হাসতে শাকিব বলেন, ‘যা ইচ্ছা করো।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

