দীর্ঘ বিরতির পর জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরতে চলেছেন। গত বছর ৭ই নভেম্বর তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন এবং মাতৃত্বে মনোযোগ দেওয়ার জন্য দীর্ঘ সময়ের জন্য অভিনয় থেকে সরে গিয়েছিলেন। এখন, মাতৃত্বকালীন ছুটি শেষ করে তিনি আবারও ক্যামেরার সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন।
তবে, এবার তার প্রত্যাবর্তন হবে একটু ভিন্ন ধরনের। অভিনেত্রী এখন আর নিজেকে শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ রাখছেন না, ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করার কথা ভাবছেন। এই প্রথমবার ক্যাটরিনা কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রজেক্টে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি মনে করেন যে, বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য চমৎকার সুযোগ তৈরি করে দিচ্ছে। মা হওয়ার পর তিনি এমন চরিত্র খুঁজছেন যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবন উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ হবে। এছাড়াও, তিনি নতুন সিনেমার প্রজেক্ট নিয়েও ভাবছেন।
জানা গেছে, ক্যাটরিনা নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করা শুরু করেছেন। তিনি খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন। ২০২৭ সালের শেষ দিকে তিনি তার নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন। কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এ অভিনেত্রী। তার ভক্তরা এখন বড় পর্দা কিংবা ওটিটি— যেকোনো মাধ্যমে তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০২৪ সালে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে ছিলেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। এর পর থেকে তিনি আলোচনা এবং গণমাধ্যম থেকে কিছুটা দূরেই ছিলেন। ক্যাটরিনা ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’– এর মতো ব্লকবাস্টার সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত।
উল্লেখ্য, ২০২১ সালে ক্যাটরিনা আর ভিকি কৌশল বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পুত্রের নাম রেখেছেন বিহান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

