দেশজুড়ে কৃত্রিম সংকট প্রতিরোধে পরিচালিত সমন্বিত অভিযানে একদিনেই বিপুল পরিমাণ অবৈধ মজুদ ভোজ্যতেল জব্দ করেছে র্যাব। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে মোট ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার তেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একযোগে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের দায়ে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব জানায়, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি গুদামে অবৈধভাবে তেল মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরে মেসার্স নওয়াব মিল নামে একটি প্রতিষ্ঠানে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল মজুদের অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরান পল্টন এলাকায় বাজার তদারকি করে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও বেশি দামে বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। রংপুরে একই অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং নরসিংদীতে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ উৎপাদন, মজুদ, ভেজাল লেবেলিং ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর জুরাইন বাজারে পৃথক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

