AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে চায় সৌদি আরব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩২ পিএম, ১৫ জুলাই, ২০২৬

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে চায় সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। কোল্ড স্টোরেজ, বন্দর ব্যবস্থাপনা ও সাপ্লাই চেইন খাতে দুই দেশের মধ্যে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। বিশেষ করে কোল্ড স্টোরেজ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস সাপ্লাই চেইনের মতো সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দিয়েছে দেশটি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া বিডা, পিপিপিএ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং বেসরকারি খাতবান্ধব সরকারি উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সৌদি আরব নিজেকে একটি বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।

ড. রুমাইহ বলেন, “আমরা বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ব্যবসার পরিধি আরও বাড়াতে চাই। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও আমরা স্বাগত জানাই।”

বাংলাদেশে সৌদি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজিটি)-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই টার্মিনালের ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি এবং এ সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি।

বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ খাতে সৌদি আরবের আগ্রহ বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আর্থিক সেবা খাতেও সৌদি বিনিয়োগকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।

তিনি আরও জানান, সম্ভাবনাময় বিনিয়োগগুলো বাস্তবায়নে এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করেছে বিডা।

বৈঠকে অংশ নেওয়া উভয় দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক লাভজনক প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!