গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারের পশ্চিম পাশে হানু মার্কেট থেকে দক্ষিণে ডেকো গার্মেন্টস অভিমুখী এলজিইডির সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলেন হাজার হাজার পথচারী, পোশাকশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেন নির্মাণের ফলে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।
সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও ময়লার স্তূপ সৃষ্টি হতো। ফলে প্রতিদিন কর্মস্থলে যাতায়াতকারী পোশাকশ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয়দের অভিযোগ, আশপাশের বাসাবাড়ির অপরিকল্পিত পানি নিষ্কাশন এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে বছরের পর বছর সড়কটি জলাবদ্ধ থাকত। বৃষ্টির সময় পুরো সড়ক নোংরা পানিতে তলিয়ে যেত। অনেক পোশাকশ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে কাদাপানিতে পোশাক নষ্ট হওয়ায় বাড়ি ফিরে পুনরায় পোশাক পরিবর্তন করে কাজে যেতে বাধ্য হতেন। এছাড়া যানবাহন চলাচলও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে সম্প্রতি এলজিইডি সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নিয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেয়। তবে স্থানীয়দের আশঙ্কা ছিল, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করে সড়ক নির্মাণ করা হলে ভবিষ্যতেও জলাবদ্ধতার সমস্যা থেকেই যাবে।
এমন পরিস্থিতিতে সরকারি কোনো পৃথক বরাদ্দ না থাকায় জনস্বার্থে এগিয়ে আসেন গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার। এলাকাবাসীর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সড়কের পাশে ড্রেন নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করায় তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
ডেকো গার্মেন্টসের শ্রমিক লিজা ও সালমা বলেন, “অল্প বৃষ্টি হলেই কাদা ও নোংরা পানির মধ্যে দিয়ে হেঁটে কারখানায় যেতে হতো। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যেত। এখন ড্রেন নির্মাণ হওয়ায় আমরা অনেক স্বস্তি পেয়েছি।”
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান মল্লিক বলেন, “দীর্ঘদিন ধরে এই সড়কে পানি জমে থাকত। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগের শেষ ছিল না। এলাকাবাসীর সহযোগিতায় আরিফুল ইসলাম সরকার উদ্যোগ নেওয়ায় এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, “প্রতিদিন হাজার হাজার পথচারী, শিক্ষার্থী, পোশাকশ্রমিক ও এলাকাবাসী এই সড়ক ব্যবহার করেন। অল্প বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেন নির্মাণ করায় দীর্ঘদিনের সমস্যা অনেকটাই দূর হয়েছে। এখন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আমরা আশা করছি।”
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সরকার বলেন, “এলাকাবাসী দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলেন। জনস্বার্থে এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করেছি, যাতে দ্রুত পানি নিষ্কাশন হয় এবং মানুষের ভোগান্তি কমে। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

