প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ আবরার জুবাইর।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে জুবাইর ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫০০৫৬৭৪।
আহমেদ আবরার জুবাইরের বাবা মো. কাওসার সিকদার বরিশালের ল্যাবএইড হাসপাতালের সেলস ম্যানেজার এবং মা রোজী ফেরদৌসী উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জুবাইরের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। তারা জানান, জুবাইর শুরু থেকেই মেধাবী, বিনয়ী ও অধ্যবসায়ী শিক্ষার্থী। শিক্ষকদের দিকনির্দেশনা এবং তার নিরলস পরিশ্রমের ফলেই এ কৃতিত্ব অর্জিত হয়েছে। তারা তার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।
জুবাইরের অভিভাবকরা এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করার ইচ্ছার কথাও জানিয়েছে জুবাইর।
এদিকে, তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুমসহ কমিটির অন্যান্য সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, জুবাইরের এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

