AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে অনেক দেশ প্রস্তুত‍‍’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৩ পিএম, ২৬ জুলাই, ২০২৬

‘বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে অনেক দেশ প্রস্তুত‍‍’

চীন, জাপান, আমেরিকাসহ অনেক দেশ এখন বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ইতোমধ্যে অনেক দেশ আমাদের সঙ্গে কথা বলছে যে, তারা বিভিন্ন খাতে কীভাবে বিনিয়োগ করতে পারে। অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে বিডার সঙ্গে যোগাযোগ করছে, তাদের সঙ্গে কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। 

তিনি বলেন, চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য প্রস্তুত আছে এবং এ নিয়ে কথাবার্তাও চলছে। 

আরেক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছে। বিনিয়োগ তো আর দিনক্ষণ বা চাঁদ দেখে হবে না। বিনিয়োগের প্রক্রিয়াটি ইতোমধ্যে চলমান রয়েছে।

এরপর বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন ধরনের সমস্যা তো আছেই। বিনিয়োগকারীদের সমস্যা আছে, আবার ধরুন যেসব বাংলাদেশি বিদেশে থাকেন এবং দেশে বিনিয়োগ করতে চান, তাদেরও এক ধরনের সমস্যা আছে। 

তিনি বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে যেভাবে ব্যাংকিং খাত ধ্বংস হয়েছে, পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে, পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেই পদক্ষেপগুলোই নিচ্ছে।

সরকার বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করেছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের কথা যখন আমরা বলি তখন জ্বালানি একটি বিশেষ খাত। এছাড়া, আমাদের বিনিয়োগের জায়গাগুলো হলো— টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি খাত এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাত।

এ সময় ব্লু-ইকোনমি নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ব্লু-ইকোনমি নি‌য়েও কথা হ‌য়ে‌ছে। কারণ, এটি আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই, আমাদের দেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগ হোক। ইউরোপের বিভিন্ন দেশও এখানে বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশে এর অনেক সুযোগও রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!