যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। স্বজনদের দাবি, নড়াইল এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত জিতুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পথে নড়াইল এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, জিতুর সঙ্গে এলাকার কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

