ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ একরামুল হক এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শিক্ষার্থী সবুজ রানা, দীপক ও তিশা। তারা কলেজের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক খন্দকার আরশাদুল বারী। আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

