জামালপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন বিল্লাল হোসেন (৫০)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সিএনজিটি ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিন চৌধুরী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তিনি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামের বাসিন্দা।
আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, বিল্লাল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থী বড় ছেলে রাজনের সঙ্গে দেখা করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একজনের পরিচয় নিশ্চিত হলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

