প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশ তীব্র রূপ নিচ্ছে। রাজধানী ছাড়িয়ে এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে।
আন্দোলন দমনে পুলিশের হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই কঠিন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।
ফেসবুকে আন্দোলনের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই গায়িকা। সম্প্রতি ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ (শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার) লেখা একটি ছবি পোস্ট করে নেহা লিখেছেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।
নেহা কক্করের এই পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ অনুরাগী ও সাধারণ ব্যবহারকারী তার এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে সংকট মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য গায়িকাকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।
তবে প্রশংসার পাশাপাশি কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছেন, আবার কেউ কেউ ভার্চুয়াল বার্তা না দিয়ে সরাসরি রাজপথে নেমে আন্দোলনের পরামর্শ দিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

