চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গুদামের ভেতর থেকে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২২ জুলাই) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুদামের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ডাল, তেল, চিনি ও টিসিবির অন্যান্য পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণের পর গুদামে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নয়ন গুদামের ওপরতলায় অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ায় দিকভ্রান্ত হয়ে তিনি বের হতে না পেরে সেখানে আটকা পড়েন। পরে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

