বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউ আর’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি., ভোলা শাখা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলা জিয়া সুপার মার্কেটে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক, ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ফিতা কেটে এবং বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মূল বক্তব্যপ্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার এ উদ্যোগের প্রশংসা করেন এবং এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি. বরিশাল অঞ্চলের এডিসি (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ব্রিকস ফিল্ড মালিক সমিতির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম (রবিন চৌধুরী), জিয়া সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, ভোলা অটো রাইস মিল সমিতির সভাপতি আলহাজ্ব মো. আলমগীর হোসেন এবং মুকুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আইয়ুব আলী মিয়া।
এছাড়া বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি. কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন ও বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন। সার্বিক পরিচালনায় ছিলেন ব্যাংকের কর্মকর্তা মো. মেহেদী হোসাইন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

