সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন সজীব ও সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই সৌদি আরবের দাম্মামে দীর্ঘদিন ধরে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করতেন তারা। বুধবার রাতে একটি পিকআপভ্যান বোঝাই খেজুর নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সজীব ও সুজন নিহত হন।
দুর্ঘটনার পর তাদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে। একই রাতে সহকর্মীরা ফোনে তাদের মৃত্যুর খবর পরিবারকে জানালে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
দুই সহোদর ভাইয়ের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
স্থানীয়রা জানান, সজীব ও সুজন ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় মানুষ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

