টানা কয়েকদিনের ভারী বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাওয়ামারা গ্রামের একটি পাকা সড়ক ধসে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক থেকে আওনা ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ কাওয়ামারা সড়কটি মরহুম বাহার উদ্দিন মাস্টারের বাড়ির পাশের একটি পুকুরের তীর ঘেঁষে নির্মিত। টানা বর্ষণে পুকুরের পানির চাপ বেড়ে যাওয়ায় সড়কের একটি বড় অংশ পুকুরে ধসে পড়ে। ফলে সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাহার উদ্দিন মাস্টারের বাড়ির পাশের পুকুরটির নিজস্ব পাড় না থাকায় সড়কটিই দীর্ঘদিন ধরে পুকুরের পাড় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ কারণে অতিরিক্ত পানির চাপে সড়কটি ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, “সড়কটি উপজেলা এলজিইডির অধীনে নির্মিত। দ্রুত ভাঙন সংস্কার এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা, বিশেষ করে একটি শক্তিশালী গাইড ওয়াল নির্মাণ করা না হলে পুরো সড়কটি বিলীন হয়ে যেতে পারে। এতে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।”
এলাকাবাসী দ্রুত ভাঙন কবলিত স্থান সংস্কার এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও এলজিইডির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আসন্ন বর্ষায় ভাঙন আরও বিস্তৃত হবে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

