আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নম্বর কলকলিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাবেদ কোরেশী।
সম্প্রতি তিনি নিজ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় জাবেদ কোরেশী বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে। ন্যায়বিচার, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আমি আপনাদের সহযোগিতা চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, জাবেদ কোরেশী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা আরও বাড়বে। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদের পরবর্তী চেয়ারম্যান কে হবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

