জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। তাঁর সেই আত্মোৎসর্গ ছাত্র-জনতাকে আন্দোলনে আরও উদ্বুদ্ধ করে। একই সঙ্গে তিনি চরকাজলের রাসেল, দশমিনার জিহাদসহ গলাচিপা-দশমিনা অঞ্চলের জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুতানের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে। এই অর্জনকে সমুন্নত রাখা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা গাজী নুর আলম, মো. ইমরান ওজুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাহেদ এবং শহীদ আতিকুরের মা।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

