গোপালগঞ্জের মুকসুদপুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি`র মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি`র ফরিদপুর অঞ্চলের এডিসি ডিপার্টমেন্টের প্রধান (হেড) ও নির্বাহী ব্যবস্থাপক সাগর কুমার পোদ্দার।
পূবালী ব্যাংক পিএলসি`র মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহর সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সাগর কুমার পোদ্দার বলেন, গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) মেশিন এবং বাংলা কিউআর (Bangla QR) সেবাসহ আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা সহজলভ্য করা হয়েছে। তিনি বলেন, এসব সেবার মাধ্যমে নগদ লেনদেনের পরিবর্তে নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসার সম্ভব। এ জন্য তিনি সবাইকে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহিত করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

