শেরপুরের নকলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য দেন নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর বিএনপির সদস্যসচিব মো. আনোয়ার হোসেন এবং সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম প্রমুখ।
সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভা আয়োজন, সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় স্মরণসভা, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও তাঁদের প্রতিনিধি, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

