কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।
এ ছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করছে।
এর আগে রোববার (১২ জুলাই) বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি শোকবার্তা পাঠায় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত প্রকাশ করেন।
বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রোববার মারা গেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

