নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্বামী পরিচয়ে অজ্ঞাত ব্যক্তি ও ৬ বছরের শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ১ নাম্বার ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মোঃ ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, ১ জুলাই সাদিয়া আক্তার ও তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরিচয়পত্র পরে দেবেন বলে জানান।
সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সুরতহালে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। পরিবারের স্বজনরা থানায় যোগাযোগ করেছেন, তবে অজ্ঞাত স্বামীর কোন সন্ধান পাওয়া যায়নি।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

