দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে তারা সেখানে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকার অভিযোগও তোলেন তারা। তাদের দাবি, আগের বছরের তুলনায় এবারের অভিন্ন প্রশ্নপত্র অনেক বেশি কঠিন হয়েছে।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর পলাশী হয়ে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বোর্ডের মূল ফটকের সামনে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন বিক্ষোভকারী ইট নিক্ষেপ ও গেটে ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
এদিকে, বেলা সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আপস নয়, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

