টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় দফায় আলীকদম উপজেলার বন্যাকবলিত আরও ৯০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি।
সোমবার (১৩ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রথম ধাপের ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে বন্যাকবলিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় চৈক্ষ্যং ইউনিয়নের চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মার্মা পাড়া , চৈক্ষ্যং মডেল হাইস্কুল সংলগ্ন পশ্চিম বাজার পাড়া ১নং ওয়ার্ডসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৯০টি পরিবার এ সহায়তা পায়।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, “বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সবসময় জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
ত্রাণ বিতরণকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ১ নং ওয়ার্ড মেম্বার শফিউল আলম বাদশা, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা বেগম, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

