টানা এক রাতের ভারী বৃষ্টিতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের সাপাহার রোড, সরদারপাড়া মোড় এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকতে দেখা যায়।
এ ছাড়া নজিপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লার উপসড়ক পানিতে প্লাবিত হয়েছে। একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে কৃষিনির্ভর যানবাহন চলাচলে বেশি ভোগান্তির সৃষ্টি হয়। এদিন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
সারা রাতের ভারী বর্ষণের পর নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে যায়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অনেক পথচারীকে জুতা হাতে নিয়ে কোমরসমান বা হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়।
জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে গৃহস্থালির সামগ্রী ও ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কোথাও কোথাও জলাশয়ের মাছ ভেসে যাওয়ায় মাছচাষিরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল নজিপুর পৌরবাসী। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

