নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইকচালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)। রান্টু উপজেলার গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে, তলৈক্ষ্য পারগোপালপুর গ্রামের মৃত কৃপা হালদারের ছেলে এবং শিপন গড়মাটি খাঁপাড়ার চাঁদ আলী খানের ছেলে।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত দুই যাত্রী মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

