মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বরসহ ১২ জন ইউপি সদস্য এবং শতাধিক কর্মী-সমর্থক আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর। এ সময় তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির পদ ছাড়ার কথাও জানান।
একই সময়ে চেয়ারম্যানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মৌখিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের বেশ কয়েকজন সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগম। এ সময় তাঁদের সঙ্গে থাকা শতাধিক অনুসারীও দল ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর বলেন, “মূলত জনগণের সেবা করার উদ্দেশ্যেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সাধারণ মানুষের পাশে থাকার স্বার্থেই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি যদি তাঁকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ দেয়, তাহলে তিনি দলটির হয়ে কাজ করতে আগ্রহী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

