‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালিয়াকৈরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিআরডিবির বিভিন্ন প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। এ জন্য নারীর ক্ষমতায়ন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক এবং উপকারভোগীদের মধ্যে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

