রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
জানা গেছে, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে মাহমুদা জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার চিকিৎসাশিক্ষা নির্বিঘ্ন করতে ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ উপহার দেওয়া হয়।
ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, সমাজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বর্তমান যুগে প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ অত্যন্ত প্রয়োজনীয়। মাহমুদার মতো শিক্ষার্থীদের সহযোগিতা করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কৃষ্ণপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, সমাজ উন্নয়নকর্মী ও সাংবাদিক এম রায়হান আলী, মাহমুদার বাবা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ল্যাপটপ পেয়ে মাহমুদা ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ল্যাপটপ চিকিৎসাশিক্ষার বিভিন্ন একাডেমিক কার্যক্রম, অনলাইন ক্লাস, গবেষণা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ প্রশংসনীয়। এটি যেমন একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহায়ক হবে, তেমনি সমাজের বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

