জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী এবং জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
একই মামলায় অভিযুক্ত ইদ্রিস আলীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান পাবলিক প্রসিকিউটর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

