এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে মোট ৫০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ।
সোমবার (৬ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।
কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
সাধারণ শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৯৭ হাজার ২১ জন। দেশের ১ হাজার ৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।
বোর্ডভিত্তিক বহিষ্কারের সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ১০ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৪ জন, সিলেট বোর্ডে ৩ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন, কুমিল্লা বোর্ডে ৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৭ জন এবং যশোর বোর্ডে ৩ জন।
এদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৪১ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ১১২ জন, রাজশাহী বোর্ডে ৩ হাজার ৫২২ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬২৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৪৬৪ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৮৫২ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৩৬ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৭০৬ জন এবং যশোর বোর্ডে ৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। এ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৩৩৩ জনের অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৮ হাজার ১৮১ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৫২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬ দশমিক ১৮ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮০ হাজার ৮৩৩ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন। এ বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৩ দশমিক ৫১ শতাংশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

