আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে পাতলী খাল খনন করেছিলেন। পুনঃখননের মাধ্যমে এ খাল আবারও স্থানীয় মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। তার ভাষ্য অনুযায়ী, এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১২ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
কৃষকদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা পাবেন।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো এবার বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। একই সঙ্গে কর কাঠামোয় পরিবর্তন এনে মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হলেও বিরোধী দল এ বাজেটের সমালোচনা করছে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণকেন্দ্রিক এবং কৃষকদের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি সড়কপথে পিএমখালীতে গিয়ে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, চেকপোস্ট স্থাপন এবং যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দর ও কর্মসূচিস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান করে তিনি দিনের পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

