ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দলটি। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গতির শটে করা গোলে দ্রুতই সমতায় ফেরে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ষষ্ঠ মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল তারা। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের সমন্বয়ে আক্রমণে উঠে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শট নিলেও শেষ মুহূর্তে সামনে দাঁড়িয়ে তা প্রতিহত করেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।
প্রথম দিকের চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। এক দ্রুত পাল্টা আক্রমণে মরক্কোর ডি-বক্সে সুযোগ তৈরি হলেও ইগর থিয়াগো সতীর্থের পাস পেয়ে সময়মতো বলের সঙ্গে সংযোগ করতে ব্যর্থ হন।
তবে এরপর আর ভুল করেননি ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত গতির এক শটে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে সমতায় ফেরান এই তারকা ফরোয়ার্ড। তার গোলে ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

