AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকতা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
১২:২৭ পিএম, ১৩ জুন, ২০২৬

সাংবাদিকতা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “সাংবাদিকতা পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা। আপনারা যেমন সঠিক সংবাদ প্রকাশ করতে পারেন, তেমনি অনেক ক্ষেত্রে কিছু সংবাদমাধ্যমে ভুল তথ্যও পরিবেশিত হচ্ছে। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার রয়েছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।”

শুক্রবার (১২ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব দল। আমরা সব সময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা স্বৈরাচারী শাসনের সময় মতপ্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন, অনেকে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। অনেক সাংবাদিক আহত ও নিহত হয়েছেন। তাদের পরিবারও দীর্ঘ সময় কষ্টের মধ্যে ছিল। আমি সেই সব সাংবাদিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি বলেন, “যারা প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে সত্য সংবাদ পরিবেশন করেছেন, তাদের এই সাহসিকতার জন্য আমি সাধুবাদ জানাই। বিগত ১৭ বছরে সাংবাদিকরা নানা বাধা ও হুমকি উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। সঠিক সংবাদ পরিবেশনের কারণে দেশের মানুষ অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছে।”

শামা ওবায়েদ বলেন, “৫ আগস্টের ঘটনাসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সংবাদ সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে ইউনিয়ন, উপজেলা ও গ্রাম পর্যায়ে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ঘটনাও আপনারা তুলে ধরেছেন। এজন্য দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তিনি সংবাদপত্রগুলো চালুর সুযোগ করে দেন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ পরিবেশনের পরিবেশ সৃষ্টি করেন। শহীদ জিয়ার সেই দল দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।”

এর আগে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সালথা প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!