গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। যুবলীগের এ ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় অনুষ্ঠিত মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে তিনি বক্তব্য দেন।
মিছিল ও পথসভার কার্যক্রমের ভিডিও ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে লাল অক্ষরে লেখা রয়েছে—“শেখের বেটি আসছে, সারাদেশ কাঁপছে”। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট দেখা যায়।
মিছিল শেষে পথসভায় বক্তব্যে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই মিছিলের পরে হয়তো আমরা গ্রেপ্তার হতে পারি। আমরা বলে দিতে চাই, যদি গ্রেপ্তার হই, যদি আমাদের ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয়, তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে আমরা আপসহীন থাকব। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা থেকে আমরা পিছপা হব না।”
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা মুর্হুমুহু করতালির মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানান। তাদের হাতে লাল ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সংক্ষিপ্ত পথসভার আগে মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “অ্যাকশন অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” ইত্যাদি। মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গাজীপুরের শ্রীপুর–কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমরা মিছিলের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

