মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নে এক নজিরবিহীন ও উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই যেন কাল হলো স্থানীয় সচেতন নাগরিকদের জন্য।
মাদক সিন্ডিকেটের হোতা জাহিদুল হাসান ওরফে ইরান আকনের বিরুদ্ধে প্রতিবাদ করায়, উল্টো এলাকার গণ্যমান্য ও নিরীহ মানুষদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
এই অন্যায়ের বিরুদ্ধে এবং কুখ্যাত মাদক ডিলার ইরান ও তার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ তীব্র গণ-ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
১১-ই মে (বৃহস্পতিবার) ডাসার উপজেলার কাঠেরপোল এলাকার ভূরঘাটা-শশিকর সড়কে ‘গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামে দীর্ঘদিন ধরে জাহিদুল হাসান (ইরান) আকন নামের এক ব্যক্তি শক্তিশালী এক মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন।
তার এই সর্বনাশা ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। এলাকার সামাজিক পরিবেশ রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হন এবং এই মাদক ব্যবসায় শক্ত বাধা প্রদান করেন।
কিন্তু মাদক কারবারিরা কতটা বেপরোয়া হতে পারে, তা প্রমাণিত হলো জাহিদুলের পরবর্তী পদক্ষেপে। এলাকাবাসীর দাবি, তাদের এই সামাজিক প্রতিরোধে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান (ইরান) আকন সচেতন ও নিরীহ সমাজকর্মীদের দমাতে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কতটা তীব্র। ব্যানার হাতে কয়েক শত তরুণ, যুবক ও মুরব্বিরা রাজপথে নেমে আসেন।
প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে জাহিদুল হাসান ইরান ও তার পুরো মাদক সিন্ডিকেটকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া নিরীহ নাগরিকদের নামে দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।
এলাকা কে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
"আমরা সমাজকে মাদকমুক্ত করতে চেয়েছি, এটাই কি আমাদের অপরাধ? মাদক ব্যবসায়ীরা বুক ফুলিয়ে ঘুরবে আর ভালো মানুষরা মামলার ভয়ে পালাবে—এই অন্যায় সহ্য করবে না, সমাজও করবে না। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।"
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ এলাকাবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে মাদকের বিরুদ্ধে এই সামাজিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় আছেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

