তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সৌদি আরবে বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে দুপুরে খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্দেশনা ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের নিচে সব ধরনের বহিরাঙ্গন কাজ বন্ধ রাখতে হবে। জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সহযোগিতায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত গরমজনিত পেশাগত ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নির্মাণকাজ, সড়ক নির্মাণ এবং অন্যান্য আউটডোর শ্রমে নিয়োজিত কর্মীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছরে এ নীতির সফল বাস্তবায়নের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালে বেসরকারি খাতে এ নিষেধাজ্ঞা মেনে চলার হার ৯৪ শতাংশে পৌঁছায়, যা শ্রমিক সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
নির্দেশনায় নিয়োগকর্তাদের কর্মীদের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, ছায়াযুক্ত বিশ্রামস্থল, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) এবং হিটস্ট্রোক প্রতিরোধে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতেও বলা হয়েছে।
এ ছাড়া তীব্র গরমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি বিশেষ গাইডলাইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নিয়ম লঙ্ঘনের ঘটনা জানাতে নাগরিক ও শ্রমিকদের জন্য অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করতে দেখলে ১৯৯১১ নম্বরে মন্ত্রণালয়ের ইউনিফাইড কল সেন্টারে ফোন করে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

