AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ১৭ জুন সম্ভাব্য সফরে আসছেন প্রধানমন্ত্রী



মৌলভীবাজারে ১৭ জুন সম্ভাব্য সফরে আসছেন প্রধানমন্ত্রী

# মাঠ পরিদর্শনে জেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ  
# রাজনগর ও শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নিবেন প্রধানমন্ত্রী

এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
আগামী ১৭ জুন মৌলভীবাজার জেলায় সম্ভাব্য সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

মঙ্গলবার  (৯ জুন) সকালে জেলা প্রশাসন ও বিএনপির জেলার নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল দুই উপজেলার সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেছেন। সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হয়েছে।

ডিসি জানিয়েছেন, আগামী ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান   মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। 

সে লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। তবে ভেন্যু নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রধানমন্ত্রীর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির বাইরে অন্য কোনো কর্মসূচি থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে ডিসি বলেন, এ মুহূর্তে আমার জানা মতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিই মূল আয়োজন। তবে পরবর্তীতে সরকারি পর্যায় থেকে নতুন কোনো কর্মসূচি যুক্ত হলে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারবাসীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে।

আমরা আশা করছি প্রধানমন্ত্রীর সফরে জেলার প্রাণের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু ও আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও হাওরাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন জনদাবির বিষয় গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি  মৌলভীবাজর সদর-রাজনগর আসনের সংসদ সদস্য এম নাসের রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দও সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা চাই এ সফরের মাধ্যমে মৌলভীবাজারের উন্নয়ন-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হোক এবং দীর্ঘদিনের জনগণের প্রত্যাশাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাক।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও রাজনগরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে  মঙ্গলবার  দুপুরে  শ্রীমঙ্গল  উপজেলা পরিষদের সভাকক্ষে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বিষয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফর করতে পারেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি।

সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় হওয়ায় অনুষ্ঠান আয়োজনের জন্য শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ কাজ করছে। তবে নিরাপত্তা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অগ্রবর্তী টিম ও এসএসএফ চূড়ান্তভাবে অনুষ্ঠানস্থল নির্ধারণ করবে।

ইউএনও জিয়াউর রহমান আরো বলেন, নির্ভরযোগ্য সূত্রে জেনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে আমরা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছি। ট্যুর প্রোগ্রাম কনফার্ম হওয়া মাত্রই আমরা এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করবো। ট্যুর প্রোগ্রাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি।

অন্যদিকে, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী সম্ভাব্য সফরের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, অনুষ্ঠান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সূত্রে জানা গেছে, সফর ও অনুষ্ঠানসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সফল করতে সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং সার্বিক আয়োজনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তুতি কার্যক্রম আরও জোরদার হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!