চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
তিনি যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার বাসিন্দা ও শফিকুল ইসলামের ছেলে। এছাড়া তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ক্বারী শাফায়াত উল্লাহ। রাত আনুমানিক ১টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
ক্বারী শাফায়াত উল্লাহ এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনার বিষয়ে পুলিশকে কেউ অবগত করেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

