মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজারের পশুর হাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে বাউল গ্রুপের শহীদ বাউল (৩৫), আরিফ হোসেন (৩৫), ওছমান গনি (২৫), ফারুক মুন্সি (৩০) রয়েছেন। অন্যদিকে সরকার গ্রুপের শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০), হৃদয় সরকার (২৮), শরিফ সরকার (২৮), আসফাক সরকার (৩৮), আসলাম সরকার (৪০) ও রাজু সরকার (৩০) আহত হন।
স্থানীয়দের ভাষ্যমতে, আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৬ মে বালুচর বাজারে গরু-ছাগলের হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা নিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান।
হাট পরিচালনা কমিটির একটি সভাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান দাবি করেন, পরিকল্পিতভাবে হাটের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

