মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকা (৩০)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দিবস দত্ত (৩৬) শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট এলাকার দীন বন্ধু দত্তের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার বাবা মধু সুধন দেব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ভিকটিম আমার মেয়ে কামাসিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিবাদী দিবস দত্ত আমাদের একই গ্রামের বাসিন্দা। বিবাদী বিবাহিত এবং তার স্ত্রী সন্তান আছে। বিবাদী প্রায়ই আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন ধরনের খারাপ ও অশ্লীল কথাবার্তা বলে বিরক্ত করে আসছে। এ বিষয়ে আমার মেয়ে আমাদের জানালে আমরা বিবাদীর পরিবারের নিকট বিচার প্রার্থী হয়েছি।
কিন্তু বিবাদী আমার মেয়েকে বিরক্ত করা বন্ধ করেনি। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেল অনুমান ৪ ঘটিকায় আমার মেয়ের স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার পথে পথরোধ করে বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের খারাপ ও অশ্লীল কথাবার্তা বলে।
তখন আমার মেয়ে প্রতিবাদ করলে বিবাদী আমার মেয়ের পড়নের কাপড়-চোপড় ধরে টানা-হেচড়া করে শ্লীলতাহানী করে। বিবাদী আমার মেয়েকে রাস্তায় ফেলে টানা হেচড়া করে ১০ হাত সামনে নিয়ে গেলে আমার মেয়ের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করেন। এসময় বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায়। এ বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা চাই।
এ ব্যাপারে কামাসিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামসুখ দত্ত বলেন, আমার বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে স্কুল যাওয়া আসার পথে প্রায় উত্যক্ত করতো অভিযুক্ত ব্যক্তি। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর মেডাম বাড়িতে যাওয়ার পথে আবারো পথরোধ করে ইভটিজিং করে। এ ঘটনায় মেডামের বাবা থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কল্যাণ দেব জীবন বলেন, এ বিষয়ে ওই শিক্ষিকার বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আমাদের সংগঠনের উপজেলা শাখার সভাপতি খন্দকার জাকিরসহ ভিকিটমির বাবাকে নিয়ে আমরা শ্রীমঙ্গল থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি। এছাড়া বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি। ওই শিক্ষিকাকে সঙ্গে নিয়ে ইউএনও স্যারের সাথেও এ বিষয়ে আলাপ করব।
এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম-কে মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি। শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

