জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় ব্যানার ফেইসটুন পুড়ে গেছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ২নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২-৩দিন ধরে দলীয় কার্যালয়টি বন্ধ রয়েছে। শনিবার সকালে বিন্নাফৈর বাজারের লোকজন অফিসের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে স্থানীয়রা দলীয় নেতাকর্মীদের জানালে তারা এসে দলীয় অফিসের ভিতরে টাঙানো সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান, খালেদা জিয়া, বতর্মান প্রধানমন্ত্রী তারেক জিয়া, সাবেক মহা সচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর ছবিসহ দলীয় ফেইসটুন, ব্যানার ও শীষের মূর্যাল পুড়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার তীব্র ও নিন্দা জানিয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতাকর্মীরাই এই অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন।
পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, বর্তমান সরকার ইনসাফ ও ন্যায়ের ভিত্তিক দেশ পরিচালনা করছেন। এ সরকারের সুন্দর পরিকল্পনাকে ব্যাঘাত করতে পরিকল্পিতভাবে এ নাশকতা করেছে। এই নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

