বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় রামপাল সদর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা “ষড়যন্ত্রকারীদের কালো হাত গুঁড়িয়ে দাও”, “মিথ্যা অপপ্রচার বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও ত্যাগের মাধ্যমে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় ও ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানববন্ধন এবং ভিত্তিহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

