গাজীপুরের কালীগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও তুমলিয়া ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এসময় জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১ জন, তুমলিয়া ইউনিয়নে ৯০৮ জন এবং পৌর এলাকায় ৩ হাজার ৮৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯ হাজার ৫৭৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৬৪ হাজার ৯১০ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

