১ মে মহান মে দিবস। বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলেও আনুষ্ঠানিকতার আড়ালে আবারও সামনে এসেছে শ্রমজীবী মানুষের বঞ্চনার চিত্র। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আয়োজিত র্যালি ও পথসভায় উঠে এসেছে ন্যায্য মজুরি, সম্মানজনক আচরণ ও নিরাপদ কর্মপরিবেশের দাবি।
শুক্রবার সকালে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে র্যালিটি শুরু হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পুঠিয়া উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র্যালিটি স্থানীয় তেল পাম্প এলাকা ঘুরে মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সেক্রেটারি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আহমাদুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আমিনুর ইসলাম ডালিম, সেক্রেটারি ফজলুর রহমান, উপদেষ্টা আ. রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস পালিত হলেও শ্রমিকদের বাস্তব অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এখনও অনেক ক্ষেত্রে বেতন, বোনাস ও মৌলিক অধিকার আদায়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। তারা মালিকপক্ষের একটি অংশের উদাসীনতা ও অসহযোগিতার কথাও তুলে ধরেন।
সভা থেকে পুঠিয়া উপজেলায় শ্রমিকদের সংগঠিত কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন সহায়তা ও অনুদান সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছানোর বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মে দিবস উপলক্ষে এ কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতিধ্বনি হয়ে ওঠে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

