চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়।
হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

