প্রতারণা করতে এসে জনতার ধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিকাশ খন্দকার (২৬) ও বিধান খন্দকার (২৬) নামে সমবয়সী দুই যুবক। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের সলেমানপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারা কুষ্টিয়ার মীরপুর থানার কাতলামারি এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী হোসাইন খান বলেন, গত ২৫ এপ্রিল মাদ্রাসার জন্য টাকা তোলার কথা বলে তারা আমাদের বাড়িতে আসে। এ সময় আমার মা মর্জিনা বেগম তাদের ২০ টাকা দেন। এরপর প্রতারকরা বলেন, আমার বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নয় এবং আমার বাবার সামনে বড় বিপদ রয়েছে। সেই বিপদ থেকে বাঁচতে মাদ্রাসার জন্য আরও বেশি ‘হাদিয়া’ দিতে হবে বলে তারা জানায়। এ সময় আমার মা সরল বিশ্বাসে তাদের ১৯ হাজার টাকা দেন। টাকা নিয়ে তারা সেখান থেকে চলে যায়।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এরপর পাঁচ দিনের ব্যবধানে, ৩০ এপ্রিল দুপুরে একই কৌশলে পাশের একটি বাড়িতে প্রতারণার চেষ্টা করে তারা। এ সময় ওই বাড়ির মালিক তাদের চিনতে পেরে স্থানীয় জনতার সহায়তায় ধরে ফেলেন। পরে তাদের উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী হোসাইন খান থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিকাশ খন্দকার কুষ্টিয়ার কাতলামারি খন্দকারপাড়ার মৃত আশরাফ খন্দকারের ছেলে এবং বিধান খন্দকার একই এলাকার উজ্জ্বল খন্দকারের ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। তিনি জানান, তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

